প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১২:২২
ঢাকা-২০ ধামরাই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত দশ দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেছেন, “আমরা দেখেছি পরাজিত ফ্যাসিবাদ নতুন কৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। জনগণের অধিকার কেড়ে নেওয়ার সেই অপচেষ্টা রুখতে আমাদের ঐক্য আরও দৃঢ় করতে হবে।
আজ আমরা এসেছি ঐক্যের ডাক দিতে। আমরা দশ দল একত্রিত হয়ে ঐক্য গঠন করেছি। এই ঐক্যের প্রতীক ঢাকার ধামরাইয়ে শাপলা কলি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলা শাখার শীর্ষ নেতারাও গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন।
ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেন,“জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতা এখনো শেষ হয়নি। আসন্ন জাতীয় নির্বাচন সেই ধারাবাহিকতারই অংশ। আমরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে কাজ করব-ইনশাআল্লাহ। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি একটি সুন্দর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চান এবং সন্তানের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, তাহলে ভোটের মাধ্যমে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। ১২ ফেব্রুয়ারি শাপলা কলিতে ভোট দিবেন এবং নিজের ভোট নিজেই পাহারা দেবেন-যেন কোনো অপশক্তি বা ষড়যন্ত্র আপনার ভোট নষ্ট করতে না পারে।”
তিনি জানান, “১২ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ হ্যাঁ/না ভোট অনুষ্ঠিত হবে। এই ভোটের জন্য আলাদা ব্যালট থাকবে। এটি হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণরায় এবং জনগণের শক্তির প্রকাশ। এই ব্যালটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক হবে নাকি আবার স্বৈরাচারী শাসনের দিকে ফিরে যাবে।”
তিনি আরও বলেন, “হ্যাঁ ভোট বিজয়ী হলে দেশে দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠন করা হবে। উচ্চকক্ষে ১০০ জন প্রতিনিধি থাকবেন, যার ফলে ইচ্ছামতো সংবিধান পরিবর্তন বা আইন প্রণয়ন সম্ভব হবে না।”
গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা নায়েবে আমীর কাজী মাওলানা মো. আব্দুর রউফ,রোকন,রাজু আহমেদ,সেলিম,আলতাফ হোসেন, এনসিপির ঢাকা জেলা সংগঠক রাসেল মোল্লা, ঢাকা উত্তর সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম,উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী খোদেজা খানন,আসিকুর রহমান,ছাত্রশক্তির সদস্য সচিব কাওসার আহম্মেদ জামায়াত ও এনসিপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: