প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৬:২৭
মিয়ানমারে রোববার (২৫ জানুয়ারি) তিন ধাপে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের চূড়ান্ত পর্বে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রায় এক মাস ধরে চলা এই নির্বাচনের মাধ্যমে দেশটির সামরিক শাসক ও তাদের সমর্থকরা সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নতুন সরকার গঠন করতে যাচ্ছেন।
সমালোচকরা বলছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু নয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সেনাবাহিনী এই নির্বাচনকে তাদের ক্ষমতা বৈধতার যন্ত্র হিসেবে ব্যবহার করছে।
সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ইতিমধ্যেই প্রথম দুই দফায় বেশিরভাগ আসন জিতেছে। জাতীয় সংসদের উচ্চ ও নিম্নকক্ষের পঁচিশ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকায় তারা সহজেই আইনসভায় নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে।
সেনা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং নতুন সংসদ অধিবেশনের সময় রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তিনি বিদেশি সমালোচনার জবাবে বলেন, ‘মিয়ানমারের মানুষই ভোট দেয়, বাইরের কেউ নয়।’
ভোটগ্রহণের ব্যাপক সীমাবদ্ধতা মূলত চলমান গৃহযুদ্ধের কারণে। দেশের ৩৩০টি শহরের এক-পঞ্চমাংশেরও বেশি অংশে নিরাপত্তার কারণে ভোট অনুষ্ঠিত হয়নি। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন নির্বাচনকে অনুমোদন দেবে না।’
৮০ বছর বয়সী সাবেক নেত্রী অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নতুন নির্বাচনে অংশগ্রহণ করেননি। নির্বাচনে অন্য বিরোধী দলগুলোও অংশগ্রহণ বা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।
সশস্ত্র সংঘাতের কারণে তিন ধাপে ভোটগ্রহণ হয়েছে। দেশের ৩৩০টি টাউনশিপের মধ্যে প্রথম দুই ধাপে ভোটগ্রহণ হয়েছে ২০২টি টাউনশিপে, বাকি ৬৭টি সশস্ত্র বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকা ছিল। ফলে সংসদের আসনের সংখ্যা মূল ৬৬৪ থেকে ৫৮৬-এ নেমে এসেছে।
সামরিক সরকার ঘোষণা করেছে, মার্চে সংসদ অধিবেশন ডাকা হবে এবং নতুন সরকার এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণ করবে। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল রাষ্ট্রপতি নির্বাচন করে মন্ত্রিসভা ঘোষণা করবে।
এবারের নির্বাচনে ৫৭টি রাজনৈতিক দলের ৪,৮০০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে প্রায় সারাদেশে মাত্র ছয়জনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউএসডিপি ছাড়া অন্যান্য ১৭টি দল অল্পসংখ্যক আসন জিতেছে। ভোটার উপস্থিতি প্রথম দুই দফায় ছিল ৫০ থেকে ৬০ শতাংশ, যা ২০২০ সালের তুলনায় প্রায় ৩৫% কম।
মন্তব্য করুন: