প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৫:১৬
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কেমিক্যাল গোডাউনের বিষয়ে সরকারের শক্তিশালী পলিসি থাকতে হবে। পলিসি পরিবর্তন করা লাগলে তা পরিবর্তন করতে হবে। যেন জনবহুল এলাকায় এ ধরনের কেমিক্যাল গোডাউন না থাকে। এর আগেও পুরান ঢাকায় এ ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল।
বুধবার (১৫ অক্টবর) দুপুরে আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, যেখানে এ ধরনের কেমিক্যাল রাখা হয় তা বেআইনি। যারা এগুলো করেছে তাদের বিরুদ্ধে দ্রুত তদন্তের পর আইনের আওতায় আনতে হবে। যে মানুষগুলো মারা গেছে তাদের পরিবারকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা করা হবে।
মৃত্যুঝুঁকি নিয়েও ফায়ার সার্ভিস অত্যন্ত বীরত্বের সঙ্গে আগ্নিকাণ্ডের সঙ্গে ফাইট দিয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, বুয়েট থেকে বিশেষজ্ঞ টিম এসে তারা পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পুরান ঢাকার চুড়িহাট্টা থেকে সীতাকুণ্ডের পর এবার মিরপুর। ব্যাঙের ছাতার মতো এভাবে আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন চলতে থাকবে কি না জানতে চাইলে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, অরাজকতা নতুন নয়, এটা বহুদিনের, বহুযুগের।
এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: