প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০
জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘অজনপ্রিয় সরকার যেমন যেকোনো সময়ই অজুহাত তৈরি করতে পারে, তেমনি কিছু লোক থাকবেই যারা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়ে ভিউ ব্যবসা করতে চাইবে।’
নিজের গ্রেপ্তার প্রসঙ্গে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে তিনি এসব কথা বলেন।
মাসুদ কামাল বলেন, ‘গতকাল মধ্যরাত থেকে অনেক ফোন এসেছে আমার নাম্বারে, আমার স্ত্রীর নাম্বারে। সবাই জানতে চেয়েছেন, আমি ঠিক আছি কিনা! আমার ঠিক থাকা না-থাকার প্রশ্ন ওঠছে কেন? কারণ—ফেসবুকের একটা গুজব।
যেখানে বলা হয়েছে, মধ্যরাতে নাকি আমাকে গ্রেপ্তার করা হয়েছে!’ তিনি বলেন, ‘গুজবটার কিছু বাস্তবিক সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। কথা বলার অপরাধে (?) সাংবাদিক পান্না কিংবা অধ্যাপক কার্জনকে তো এখনও জেলে থাকতে হচ্ছে! তারপরও এ ধরনের গুজব বা ঘটনাকে আমি পাত্তা দিই না।’
তিনি আরো বলেন, ‘আমার পরিচিত বা শুভানুধ্যায়ী, যারা ফেসবুকের পোস্টটি দেখে উদ্বিগ্ন হয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার কারণে অযথা আপনাদের সময় নষ্ট হলো, টেনশন করলেন।
’সবশেষে তিনি বলেন, ‘আপনারা দোয়া করবেন—শেষ পর্যন্তও আমি যেন আমার মতো করেই কথা বলে যেতে পারি।’
মন্তব্য করুন: