প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা দুই ঘণ্টা তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন।
এ সময় টায়ার জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় অবস্থিত এ্যামব্রিয়ান স্টিল বিডি লিমিটেড নামের রড মিলের শ্রমিকরা এ অবরোধে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ এ অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দূরপাল্লার বাস, মালবাহী ট্রাকসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
কাঁচপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, ‘কারখানার শ্রমিকরা জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন।
পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।’ কারখানার মালিক আবুল কালাম আজাদ বলেন, ‘বর্তমানে উৎপাদন ও চাহিদা না থাকায় প্রতিষ্ঠানটি প্রায় বন্ধের উপক্রম। এ অবস্থায় আমরা ৩২০ জন শ্রমিকের অনেককে বেতন ভাতা পরিশোধ করলেও কিছুসংখ্যক শ্রমিকের বেতন এখনো দেওয়া সম্ভব হয়নি। আশা করছি আগামী সপ্তাহে শ্রমিকদের সব পাওনাদি পরিশোধ করতে পারব।
মন্তব্য করুন: