প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫
কুমিল্লার নাঙ্গলকোটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার খিলা সড়কের নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মৌকরা ইউনিয়নের কেশতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ব্যবসায়ী আহছান হাবিব মজুমদার (৫২) ও একই উপজেলার পেড়িয়া ইউনিয়নের পেড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আবু জাফরের ছেলে হাফেজ আরিফুর রহমান নয়ন (১৮)। তিনি উপজেলার হেসাখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন এবং নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদরাসার আলিম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার কেশতলা গ্রামের আহছান হাবিব পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারের নিজের জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে নাঙ্গলকোট-খিলা সড়ক দিয়ে গ্রামের বাড়ি আসছিলেন। এ সময় তিনি নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহছান হাবিবকে উদ্ধার করে কুমিল্লা বেসরকারি মেডিক্যাল সেন্টার এবং হাফেজ আরিফুর রহমানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
মন্তব্য করুন: