প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৮
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি)। সংস্থাটির পক্ষ থেকে আত্মহত্যা প্রতিরোধে বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং সম্মিলিত পদক্ষেপকে শক্তিশালী করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ১০ সেপ্টেম্বর রাজধানীর রায়েরবাজার স্মৃতিসৌধের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে এইচআরডিসির মহাসচিব মাহবুল হক বলেন, জুলাই অভ্যুত্থনের পর আত্মহত্যা ও মানসিক সংকটের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করা আর চলে না।
সম্প্রতি জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের মধ্যে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করার ঘটনা ঘটেছে। দেশে আত্মহত্যার হার বেড়ে চলেছে। এমনকি শিশুদের মধ্যেও এ বিষয়ে উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে। জাতীয় অগ্রাধিকার তালিকায় আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভূক্ত করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে জানানো হয়, প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৭ লাখ ২ হাজার মানুষ আত্মহত্যা করেন। বাংলাদেশেও হার বাড়ছে। প্রতি ১০ হাজার জনে গড়ে প্রায় জন আত্মহত্যা করছে। ২০২৪ সালের জুলাই বৈষম্যবিরোধী অভ্যুত্থানের পর বেশ কিছু আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টা উদ্বেগ বাড়িয়েছে।
শহীদ জসিমের কন্যা লামিয়া গত ২৬ এপ্রিল আত্মহত্যা করেন। একই সময়ে দৃষ্টিশক্তি হারানো চারজন আন্দোলনকারী রোগী চিকিৎসাধীন অবস্থায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন, যাদের হতাশার মূল কারণ ছিল অপর্যাপ্ত চিকিৎসা ও পুনর্বাসন। আত্মহত্যা এক অসহনীয় নীরবতার বাস্তবতা, যা সামাজিক প্রতিবন্ধকতার কারণে আরও জটিল ও বেদনাদায়ক হয়ে ওঠে। তাদের এই অভিজ্ঞতা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে, আত্মহত্যা প্রতিরোধে সার্বিক জাতীয় কৌশল গ্রহণ এবং সহমর্মিতাভিত্তিক সহায়তা ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের জরুরি দাবি।
এদিকে সংস্থাটি দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের এ উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।
এ উপলক্ষে রাজশাহীতে সেমিনার এবং ঢাকা, সাভার, মেহেরপুর, রাজশাহী ও চট্টগ্রামে কমিউনিটি-নেতৃত্বাধীন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই সকল কর্মসূচিতে জুলাই যোদ্ধাসহ স্থানীয় তরুণ-তরুণী, শিক্ষক, চিকিৎসক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মন্তব্য করুন: