প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬
দক্ষিণ কোরিয়ায় বুধবার দেশটির এক সামরিক ঘাঁটিতে মহড়ার সময় বিস্ফোরণে অন্তত ১০ জন সেনা সদস্য আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী শহর পাজুতে একটি ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি আর্টিলারি ইউনিটের মহড়ায় স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ২৪ মিনিটে একটি সিমুলেশন গোলা হঠাৎ বিস্ফোরিত হয়।
আহতদের মধ্যে অন্তত দুই সেনার হাতে ও উরুতে পুড়ে গিয়ে গুরুতর ক্ষত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। দুর্ঘটনাস্থলেই সামরিক চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীরা ছয়টি অ্যাম্বুল্যান্স পাঠায়।
এদিকে বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পাজুর সামরিক ঘাঁটিটি রাজধানী সিউল থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে উত্তর কোরিয়ার সঙ্গে কড়া সুরক্ষিত সীমান্তের কাছে অবস্থিত, যেখানে একাধিক দক্ষিণ কোরীয় সামরিক স্থাপনা রয়েছে।
১৯৫০ থেকে ১৯৫৩ সালের যুদ্ধের পর কোরীয় উপদ্বীপে শান্তিচুক্তি নয়, বরং যুদ্ধবিরতিতে সমাপ্তি ঘটেছিল। ফলে দুই কোরিয়া এখনো কার্যত যুদ্ধে রয়েছে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনার কারণে দক্ষিণ কোরিয়ায় ৩০ বছরের নিচে সব পুরুষের জন্য বাধ্যতামূলক সামরিক সেবা চালু রয়েছে।
মন্তব্য করুন: