প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৬:২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রী শাহিনুর আক্তারকে যাবজ্জীবন ও তাঁর প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম মাসুম।
দণ্ডপ্রাপ্তরা হলেন— নিহত ব্যক্তির স্ত্রী শাহিনুর আক্তার (৩০) এবং শাহিনুরের প্রেমিক রিপন মিয়া (৪০)। রায় ঘোষণার সময় আসামি রিপন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। এ ঘটনায় স্ত্রী শাহিনুর আক্তার পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে শাহিনুর তার পরকীয়া প্রেমিক রিপনকে ঘরে প্রবেশ করান।
ঘুমন্ত স্বামীকে প্রথমে বৈদ্যুতিক শক দিয়ে অচেতন করা হয়, এরপর বাথরুমে নিয়ে বালতির পানিতে ডুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর রিপন পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই সোলায়মান বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান, আদালত প্রমাণের ভিত্তিতে আসামিদের সাজা দিয়েছেন।
মন্তব্য করুন: