প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৫:৪৪
ময়মনসিংহের নান্দাইলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা থেকে শেষ মুহূর্তে উদ্ধার করেছেন দুই পথচারী। এরপর স্থানীয় লোকজন ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রবিবার সকালে নান্দাইলের রোড বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে প্রাইভেট পড়ে ফেরার পথে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে একটি পরিত্যক্ত ভবনে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।
বাজারের চা বিক্রেতা কবির মিয়া (৩২) ছাত্রীটির পিছু নেন এবং একটি গলি দিয়ে তাকে অনুসরণ করেন। পরে তিনি মেয়েটির মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত ভবনের দোতালায় তুলে নেন।
ওই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় ব্যবসায়ী আমিন শেখ। তিনি পরিত্যক্ত ভবন থেকে একজন নারীর অস্পষ্ট চিৎকারের মতো আওয়াজ শুনতে পেয়ে সেখানে যান।
এরপর তিনি ইব্রাহিম নামের আরেকজনকে সাথে নিয়ে দোতালায় উঠে দেখতে পান, কবির মিয়া মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করছেন। তারা দুজন মিলে তাকে জড়িয়ে ধরে আটক করেন এবং স্কুলছাত্রীটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেন।
ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেন এবং কবির মিয়াকে আটক করে খুঁটির সাথে বেঁধে উত্তম-মধ্যম দেন। পরে তাকে নান্দাইল থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন: