প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৬:১৯
বাগেরহাটের মোংলায় স্বামীকে তালাক দেওয়ার জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই স্বামীকে আটক করে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে মোংলা থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকার মৃত জাফর শেখের ছেলে গোলাম মওলা দুলালের (৪৫) সঙ্গে বেশ কয়েক বছর পূর্বে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের (৩৯) বিয়ে হয়। এরপর থেকে তাদের মধ্যে কলহ-বিবাদ লেগে ছিল।
গত ২২ জুলাই রঞ্জিলা তার স্বামী দুলালকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুলাল গত মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রঞ্জিলার বাবার বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালান। ওই সময় দুলাল রঞ্জিলার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কাঠের বাটাম দিয়ে আঘাত করতে থাকেন।
এতে রঞ্জিলার মাথা ফেটে ও থেঁতলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ আরো জানায়, ঘটনাস্থল থেকে রঞ্জিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তার স্বজনেরা। পরে তাকে খুলনায় প্রেরণ করা হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে রঞ্জিলার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে চিলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুলালকে আটক করে পুলিশ। আটককে আজ বুধবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মোংলা থানা ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ায় স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে হত্যা করেছে। এ ঘটনায় স্বামীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন: