প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৬:৩৭
রাস্তায় কুকুরকে বাঁচাতে গিয়ে এক নারী পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে একটি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। ভারতের গাজিয়াবাদে স্থানীয় সময় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, ডিউটি শেষে সোমবার রাতে কবিনগর থানা থেকে বাড়ি ফিরছিলেন ২৫ বছরের রিচা। রাস্তায় তার মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি কুকুর এসে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে দুই চাকার যান থেকে পড়ে যান আরোহী নারী পুলিশ সদস্য রিচা সাচান। এ সময় একটি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়।
পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। কবি নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার ভাস্কর বর্মা জানান, রিচার মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে এসেছিল। তাকে বাঁচাতে গিয়ে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। সে সময় পেছন থেকে একটি গাড়ি এসে চাপা দেয় রিচাকে।
তার মাথায় হেলমেট থাকলেও গুরুতর জখম হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রিচাকে কাছের এক হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রের তথ্য অনুসারে, ২০২৩ সালে সাব-ইনস্পেক্টর পদে নিযুক্ত হন রিচা।
শাস্ত্রীনগর আউটপোস্টের দায়িত্বে ছিলেন তিনি। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এদিকে রিচার পরিবার জানিয়েছে, আগামী বছর তার বিয়ের পরিকল্পনা করছিল তারা। ময়নাতদন্তের পরে রিচার দেহ নিজেদের গ্রামে নিয়ে যায় পরিবার। গাজিয়াবাদ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়েছে রিচাকে।
মন্তব্য করুন: