প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৮:০৮
মালয়েশিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এ বছরের ৬ জুলাই পর্যন্ত ১১৩৬ জন বাংলাদেশিসহ ১৭ হাজার ৮৯৬ জন অনিবন্ধিত (অবৈধ) আটক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল।
আটককৃতদের ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত ২০টি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। যার মধ্যে ১৮টি স্থায়ী ডিপো এবং দুটি অস্থায়ী ডিপো রয়েছে। এছাড়া দেশটির বাইতুল মাহাব্বাহ পরিচালিত বিদেশি শিশুদের জন্য ছয়টি শিশু আটক কেন্দ্রও রয়েছে।
দেশটির পাকাতান হারাপান দলের বুকিত বেনডেরা এলাকার সাংসদ সাইরলিনা আবদুল রশিদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন লিখিত জবাবে বলেন, “ইমিগ্রেশন বিভাগের আটককেন্দ্রগুলোর মোট ধারণক্ষমতা ২১ হাজার ৫৩০ জন। যে কোনো সময় এসব ডিপোতে ১৬ হাজার থেকে ১৮ হাজার জন পর্যন্ত আটক থাকে, যা গ্রেপ্তার ও ছেড়ে দেওয়ার ওপর নির্ভর করে।”
এ সময় সাইরলিনা ফের জানতে চান মোট কতটি আটককেন্দ্র রয়েছে, প্রতিটিতে কয়জন আটক আছেন এবং তাদের মধ্যে কেউ কি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) স্বীকৃতি পেয়েছেন কি না। এ প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানিয়েছেন, বর্তমানে মোট আটকপ্রাপ্তদের মধ্যে ৭৮ শতাংশ বা ১৩ হাজার ৯৯২ জন পুরুষ এবং ২২ শতাংশ বা ৩ হাজার ৯৭৪ জন নারী রয়েছেন।
জাতীয়তার ভিত্তিতে চারটি দেশের নাগরিক ৯০.৭ শতাংশ আটক রয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমার—যাদের সংখ্যা ৭ হাজার ৪৫৩ জন, এর পরই রয়েছে ইন্দোনেশিয়া ৩ হাজার ৮১৭ জন এবং তার পরে রয়েছে বাংলাদেশের ১ হাজার ১৩৬ জন।
আটক থাকাদের গড় মেয়াদ ০ থেকে ৩ বছরের মধ্যে এবং ২০২৫ সালের ৬ জুলাই পর্যন্ত কোনো আটকপ্রাপ্ত ইউএনএইচসিআর কার্ডধারী নন। তবে আটকপ্রাপ্তদের মধ্যে মোট ৪ হাজার ৭১৯ জন মিয়ানমারের রোহিঙ্গা রয়েছে বলে যোগ করেছেন সাইফুদ্দিন।
মন্তব্য করুন: