প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৫:৫৬
ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, সামনে নির্বাচন, ফলে বিশেষ উদ্দেশ্য নিয়ে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ফেসবুকে এসে বাঁচার আকুতি জানানো চট্টগ্রামে ওই চিকিৎসকের কাছ থেকে কোনো চাঁদাবাজি করা হয়নি দাবি করে রিজভী বলেন, ‘নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
তার ওপর কেউ হামলা করেনি, তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।’
বর্তমানে দেশে কোনো নিরাপত্তা নেই মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। মব কালচার চলছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।
অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’ এসময় রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুজনকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যতবড় অপরাধীই হোক, বিচারের আওতায় আনতে হবে। উসকানিমূলক কথায় বেআইনিভাবে যেন কেউ প্রাণ না হারায় সরকারের এটা নিশ্চিত করতে হবে।
এই কালচারে অনেক সুযোগসন্ধানী সুযোগ নেওয়ার চেষ্টা করছে।’ পিআর ব্যবস্থার জন্য বাংলাদেশ প্রস্তুত নয় দাবি করে তিনি বলেন, ‘আমরা উন্নত দেশগুলোর পর্যায়ে এখনো যেতে পারিনি। গরিব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল না। এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে বাংলাদেশ এখনো ততটা প্রস্তুত না। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে।
এতে জটিলতা তৈরি করা ছাড়া কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। এটায় অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই।’
মন্তব্য করুন: