প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৭:৩৮
অ্যাপলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই। আইফোন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অ্যাপ স্টোরের র্যাংকিং ব্যবস্থাপনায় একচেটিয়া ব্যবসাবিরোধী আইন ভঙ্গের অভিযোগে এ আইনি ব্যস্থা নেবেন বলে জানিয়েছেন স্টার্টআপটির মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
এক্সের এক পোস্টে মাস্ক বলেন, ‘অ্যাপল এমন আচরণ করছে যাতে ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই কম্পানির পক্ষে অ্যাপ স্টোরে এক নম্বরে ওঠা অসম্ভব হয়। এটি স্পষ্টতই একচেটিয়া ব্যবসাবিরোধী আইনের লঙ্ঘন।
এক্সএআই অবিলম্বে আইনি পদক্ষেপ নেবে।’ যদিও মাস্ক তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। এ বিষয়ে অ্যাপল, ওপেনএআই ও এক্সএআই এখনো কোনো মন্তব্য করেনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপ স্টোরের ‘টপ ফ্রি অ্যাপস’ তালিকায় শীর্ষে রয়েছে চ্যাটজিপিটি।
মাস্কের এআই অ্যাপ গ্রোক পঞ্চম স্থানে ও গুগলের জেমিনাই রয়েছে ৫৭তম স্থানে। সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, গুগল প্লে স্টোরেও শীর্ষে রয়েছে চ্যাটজিপিটি।
অ্যাপলের সঙ্গে ওপেনএআইয়ের অংশীদারির মাধ্যমে আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইসে চ্যাটজিপিটি সংযুক্ত করা হয়েছে।
এর আগে একটি পোস্টে অ্যাপল অ্যাপ স্টোরকে উদ্দেশ্য করে মাস্ক বলেন, “এক্স বিশ্বের এক নম্বর সংবাদ অ্যাপ আর গ্রোক সব অ্যাপের মধ্যে পাঁচ নম্বরে হওয়া সত্ত্বেও আপনারা কেন এক্স বা গ্রোককে ‘মাস্ট হ্যাভ’ বিভাগে রাখছেন না? রাজনীতি খেলছেন নাকি?”
অ্যাপ স্টোরে অ্যাপলের নিয়ন্ত্রণ নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে। এ ধরনের অভিযোগে ‘ফোর্টনাইট’ গেমের নির্মাতা এপিক গেমস অ্যাপলের বিরুদ্ধে একটি মামলা করেছিল। এর প্রেক্ষিতে চলতি বছরের এপ্রিলে এক মার্কিন বিচারক অ্যাপল অ্যাপ স্টোরে প্রতিযোগিতা বাড়ানো সংক্রান্ত আদালতের নির্দেশনা ভঙ্গ করেছে বলে রায় দেন এবং ফৌজদারি অবমাননা তদন্তের জন্য বিষয়টি ফেডারেল প্রসিকিউটরের কাছে হস্তান্তর করেন।
এপ্রিলেই প্রযুক্তিগত ও বাণিজ্যিক বিধিনিষেধের মাধ্যমে ডেভেলপারদের অ্যাপ স্টোরের বাইরে গ্রাহকদের সস্তা বিকল্প ব্যবস্থা দিতে বাধা দেওয়ার অভিযোগে, অ্যাপলকে ৫০ কোটি ইউরো জরিমানা করে ইউরোপীয় ইউনিয়নের একচেটিয়া ব্যবসাবিরোধী কর্তৃপক্ষ। এটিকে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘন বলে জানিয়েছে তারা।
মন্তব্য করুন: