শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কালাইয়ে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা লুট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৮:১৬

জয়পুরহাটের কালাই পৌর শহরের তালুকদার পাড়া-মহল্লায় এক শিক্ষক দম্পতির বাড়িতে সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার (১০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একদল সশস্ত্র ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দেড় লাখ টাকা এবং ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কালাই থানার পুলিশ ও জয়পুরহাটের সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহকর্তা নাফসি তালুকদার কালাই ময়েনউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আর তার স্ত্রী তাজমিনা তালুকদার ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।

রাতে তারা পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত যখন সাড়ে ৩টা বাজে তখন আটজনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে নিচতলার ঘরে প্রবেশ করে পরে দ্বিতীয়তলায় উঠে যায়। সেখানেই গৃহকর্তা নাফসি তালুকদার, তার স্ত্রী তাজমিনা ও সন্তানদের হাত-পা এবং চোখ বেঁধে ফেলে।

এরপর শুরু হয় নির্মম মারধর ও ভয় দেখিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করার কাজ।
ঘরের আলমারিসহ প্রতিটি আসবাব তল্লাশি চালিয়ে তারা এক লাখ ২০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। প্রায় ৪৫ মিনিট ধরে ডাকাতরা পুরো বাড়িতে লুটপাট চালায়।

শিক্ষিকা তাজমিনা তালুকদার বলেন, রাতের অন্ধকারে হঠাৎ আটজনের মুখোশধারী একদল ডাকাত ঘরে ঢুকে পড়ে।

তারা আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করে হাত, পা, মুখ বেঁধে ফেলে। ঘরের প্রতিটি জিনিসপত্র তছনছ করে তারা টাকা ও স্বর্ণালংকার খুঁজে নেয়।

শিক্ষক নাফসি তালুকদার বলেন, ‘ডাকাতরা ৮ জন ছিল। তাদের হাতে চাপাতি, রডসহ বিভিন্ন অস্ত্র ছিল। তারা চোখ বেঁধে আমাদের একটি ঘরে আটকে রেখে দেড় লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণ নিয়ে চলে যায়।

কিছু বলার সুযোগই পাইনি। তারা চাপাতি ও রড দিয়ে ভয় দেখিয়ে বলে, চিৎকার করলে মেরে ফেলবে। ভয়াবহ অভিজ্ঞতা ছিল এটি।’

ডাকাতরা পালিয়ে যাওয়ার পর গৃহবাসীরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাদের হাত-পা ও চোখের বাঁধন খুলে দেন।

শিক্ষকের বড় ভাই সোহেল তালুকদার বলেন, রাতে চিৎকার শুনে গিয়ে দেখি সবাই বাঁধা অবস্থায় পড়ে আছে। ঘরের সবকিছু তছনছ করা। আমার বয়স ৫০ বছর ছাড়িয়ে গেছে, এই মহল্লায় কখনো এমন ঘটনা ঘটেনি। এটা হয়তো কারো পূর্বশত্রুতা বা রাজনৈতিক প্রতিহিংসার ফল।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন রোববার সকালে সাংবাদিকদের বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত চালিয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর