প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৭:১২
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) ছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস। এদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ শীর্ষ নেতাকে কক্সবাজার সফরের অভিযোগ ওঠার পর দল থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
শোকজ হওয়া এনসিপির ৫ শীর্ষ নেতা হলেন- এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এনসিপির এই পাঁচ নেতা।
বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।
কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, ‘গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ছিল গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস। আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন।
এতে আরো বলা হয়, ‘এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’-এর কাছে আগে অবগত করা হয়নি। এ অবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে সশরীরে উপস্থিত হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।’
মন্তব্য করুন: