প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৭:৫৯
চট্টগ্রাম আনোয়ারা থানায় দায়ের হওয়া আবদু শুক্কুর হত্যা মামলায় তিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন জনকে খালাস দেওয়া হয়। সোমবার (৪ আগস্ট) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ রোজিনা খানের আদালত এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের পশ্চিস আহামদ মিয়া, মো. ইলিয়াছ, নুরুল আবছার সম্পর্কে তারা আপন ভাই।
মো. রফিক ও মো. সোলায়মান। রায় ঘোষণার সময় চার জন আদালতে হাজির ছিলেন। খালাসপ্রাপ্তরা হলেন আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম।
আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া তিন জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দিয়েছেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. ইলিয়াস, নুরুল আবছার আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।
পলাতক আহামদ মিয়া, মো. রফিক ও মো. সোলায়মানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলা নথি ও আদালত সূত্র থেকে জানা যায়, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের পশ্চিম সিংহরা এলাকায় আবদু শুক্কুরকে বাসা থেকে ফোন করে ডেকে নেওয়া হয়। এর পর ২১ আগস্ট চাতরি এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মো. মিজান বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দিলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জেরে আসামিরা পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শুক্কুরকে হত্যা করা হয়েছে।
মন্তব্য করুন: