প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৮:২৬
একটি অপরাধমূলক নেটওয়ার্কের নেতৃত্ব দেওয়ার জন্য অভিশংসন শুনানিতে দোষী সাব্যস্ত হওয়ার পর শ্রীলঙ্কার পুলিশপ্রধানকে বরখাস্ত করা হচ্ছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
শ্রীলঙ্কার ৮৫ হাজার পুলিশ সদস্যর শক্তিশালী বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হওয়ার পর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) দেশবান্দু টেন্নাকুন দেশটির ইতিহাসে প্রথম অভিশংসিত পুলিশপ্রধান হবেন। স্পিকার জগৎ বিক্রমারত্নে বলেছেন, পার্লামেন্ট নিযুক্ত তিন সদস্যর একটি কমিটি সর্বসম্মতিক্রমে টেন্নাকুনকে তার বিরুদ্ধে আনা অভিযোগের জন্য দোষী সাব্যস্ত করেছে।
তিনি আরো বলেন, ‘এটি আমাদের সাংবিধানিক যাত্রার একটি ঐতিহাসিক মুহূর্ত, ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের একটি কমিটি একজন আইজিপিকে অপসারণের সুপারিশ করে তাদের অনুসন্ধান জমা দিয়েছে।’
২২৫ সদস্যের পার্লামেন্টে অভিশংসনের জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হবে এবং এটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ পার্লামেন্টে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালত রায় দিয়েছিলেন, টেন্নাকুন হেফাজতে থাকা একজন সন্দেহভাজন ব্যক্তির যৌনাঙ্গে মেন্থল মলম লাগিয়ে নির্যাতন করেছিলেন। তা সত্ত্বেও ২০২৩ সালের নভেম্বরে তাকে পুলিশপ্রধান হিসেবে নিযুক্ত করা হয়।
তার বিরুদ্ধে ২০২৩ সালে একটি দুর্ভাগ্যজনক অভিযানের অনুমোদন দেওয়ার অভিযোগও রয়েছে, যা উপকূলীয় রিসোর্ট শহর ওয়েলিগামায় প্রতিদ্বন্দ্বী পুলিশ ইউনিটগুলোর মধ্যে বন্দুকযুদ্ধের সূত্রপাত করে এবং একজন পুলিশ সদস্যর মৃত্যু হয়। এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালত একটি পৃথক মামলার রায় না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করেন। ওই মামলায় তৎকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের করা তার নিয়োগের আইনি বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
পরে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী এই বছর আদালতকে জানান, টেন্নাকুন ‘একটি অপরাধমূলক নেটওয়ার্কের প্রধান’ ছিলেন।
স্বাধীন জাতীয় পুলিশ কমিশন পুলিশ বাহিনীর দ্বিতীয় কর্মকর্তা সিনিয়র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নীলান্ত জয়াবর্ধনেকে বরখাস্ত করার কয়েক দিন পর টেন্নাকুনের বিরুদ্ধে এই সর্বশেষ পদক্ষেপ নেওয়া হলো।
এদিকে কয়েক দিন আগেই স্বাধীন জাতীয় পুলিশ কমিশন পুলিশ বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদধারী কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী আইজিপি নীলান্ত জয়াবর্ধনেকে বরখাস্ত করেছে। ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলায় অবহেলার কারণে ২৭৯ জন নিহত হওয়ার জন্য জয়াবর্ধনেকে বরখাস্ত করা হয়েছে।
মন্তব্য করুন: