প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৭:৪৯
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই শিশু নিখোঁজের ২২ ঘণ্টা পর পুকুর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চর শাখচূড়া গ্রামের আব্দুর রশিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করে পাগলা থানা পুলিশ।
নিহত শিশু সিফাত হাসান ওই গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলামের ছেলে। সে চর শাখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চর শাখচূড়া গ্রামের সৌদি প্রবাসী নূরুল ইসলামের ছেলে সিফাত হাসান (১১) ও পাশের দীঘির পার গ্রামের সৌদি প্রবাসী আলামিনের ছেলে আয়মান সাদাব বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর দুই পরিবারের স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে পাগলা থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে, একটি অজ্ঞাত চক্র সৌদি প্রবাসী নূরুল ইসলামের ইমু নম্বরে ফোন করে তার ছেলে সিফাত হাসানের মুক্তির বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করে। কিন্তু নূরুল ইসলাম তার ভাগনে জিসানের নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলে।
পরে ওই চক্রটি জিসানের সঙ্গে যোগাযোগ করে বিকাশে দুই হাজার টাকা পাঠাতে বলে এবং অন্য একটি নম্বরে বাকি টাকা পাঠাতে বলে। জিসান ওই নম্বরে দুই হাজার টাকা পাঠালেও বাকি টাকা পাঠায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসায় অপরাধী চক্রটি নীরব হয়ে সটকে পড়ে।
এরপর আজ শনিবার সকাল ১০টার দিকে চর শাঁখচূড়া গ্রামের নূরুল ইসলামের বাড়ির ২৫০ গজ দূরে আব্দুর রশিদের কচুরিপানাযুক্ত পুকুরে শিশু সিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পাগলা থানায় খবর দেন।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সিফাতের মা কবিতা বলেন, ‘অজ্ঞাত এক ব্যক্তি আমার প্রবাসী স্বামীর ইমু নম্বরে ফোন করে টাকা চায়। কথামতো ভাগনে দুই হাজার টাকা দিয়েছে। কিন্তু পশুর দল আমার সন্তানডারে মাইরা ফালাইল। আমি এই খুনের বিচার চাই।
’অপর নিখোঁজ শিশু আয়মান সাদাবের নানা সুলতান মিয়া বলেন, ‘অপরাধীরা আমার মেয়ের কাছে ফোন করে ৩০ হাজার টাকা দাবি করেছে। আল্লাহই জানে কি হবে।’
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, ‘এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘স্থানীয় একটি প্রতারক চক্র এ ঘটনায় জড়িত থাকতে পারে। শনাক্ত করে অপরাধীদের ধরা হবে।’
মন্তব্য করুন: