প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৮:৩৭
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধনবাড়ীর বাঘিল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী দিগপাইত গ্রামের মজিবর রহমান জোয়ার্দারের মেয়ে কাজল রেখা (৪০) ও তার ছেলে শ্রাবণ (১৫) ও ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার ফুলকুমারী (৩৫)।
ধনবাড়ি থানার ওসি শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রীবাহী অটোরিকশাটি জামালপুরের দিগপাইত থেকে ময়মনসিংহের ভালুকায় যাচ্ছিল।
দুপুর ২টার দিকে অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঘিল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাতে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী মাহী এক্সপ্রেস পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুই যাত্রী মা, ছেলেসহ তিনজন নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশার চালকসহ দুজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে থানায় নেয়।
আর আহতদের ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মন্তব্য করুন: