প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৬:২২
মেহেরপুরে ধর্ষণ মামলায় স্বপন আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (৩০ জুন) দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্তন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. তহিদুল ইসলাম এ আদেশ দেন। অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত মো. স্বপন আলী মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর কেলাপুর গ্রামের এনামুল হকের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক এবং আসামি পক্ষে আতাউর রহমান পিন্টু আইনজীবীর দায়িত্ব পালন করেন।
মামলার বিবরণে জানা গেছে, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে পার্শবর্তী জেলার নবম শ্রেণিপড়ুয়া এক মাদরাসা ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে স্বপন আলীর। সম্পর্কের সূত্রে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর মোবাইল ফোনে ডেকে নিয়ে গাংনী উপজেলার আকুবপুর গ্রামের নির্মাণাধীন দুই তলা ভবনের নিয়ে বিয়ের প্রলোভনে জোর করে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যান। পরে মেয়েটির বাবা গাংনী থানায় হাজির হয়ে স্বপন আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।
মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মিন্টু মিয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার নথি ও সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষ করে আদালত স্বপন আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন। মামলার আদেশের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: