প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৫:১৪
শ্বশুরবাড়ির আমগাছ থেকে জামাতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। আজ রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট সদর ইউনিয়নের পাটশাও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরিসহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে পুলিশ তাৎক্ষণিক এই ঘটনার কোনো কারণ জানাতে পারেনি।
নিহত জামাইয়ের নাম মজনু মিয়া (২৮)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হারুন উর রশিদ বলেন, ‘সাত বছর আগে স্থানীয় আলিমুদ্দিনের মেয়ে নাহিদা বেগমের সঙ্গে বিয়ে হয় মজনু মিয়ার। সেই থেকে শ্বশুরবাড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী ও পাঁচ বছরের ছেলেসন্তান নিয়ে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।
জীবিকার তাগিদে কখনো গাড়ির সহকারী আবার কখনো ঘরের টিন মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।’
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা।
তা ছাড়া পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন: